আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার এলাকায় ৯২ ভাগ এলাকায় বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। বিএনপির আমলে নেতাকর্মীরা মা-বাবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। ২২ বছর মওদুদ আহমদ এ এলাকাকে অন্ধকারে রেখেছেন। রাস্তাঘাট ছিল না, স্কুল-কলেজ ছিল না। প্রতিটি এলাকার আনাচে কানাচে মাকড়সার জালের মতো কাঁচা রাস্তা পাকা করে দিয়েছি। আবার ক্ষমতায় এলে দাগনভূঞা থেকে বসুরহাট পর্যন্ত সড়ক ফোরলেনে পরিণত করব। আপনারা চেহারা দেখে ভোট দেবেন না, উন্নয়ন দেখে ভোট দেবেন।
গতকাল মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের মওদুদ আহমদের উদ্দেশে বলেন, মওদুদ মিথ্যা কথা বলছেন, তারা নিজেরা বোমা ফাটিয়ে এর দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিচ্ছেন। বিএনপি একটি ভুয়া দল। ধানের শীষ মানুষের পেটের বিষ। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা-হামলা করেছে। বাড়ি-ঘরে থাকতে দেয়নি। ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, গ্রেফতার করে নিয়ে গেছে। আমি ২০০৮ সালে এমপি নির্বাচিত হয়ে প্রথমেই মওদুদ আহমদের বাড়ি গিয়ে ওনার সঙ্গে দেখা করি। এর কারণ হলো- আমার দলের নেতাকর্মীরা যাতে তাদের বিরুদ্ধে মামলা-হামলা না করে। আমি প্রতিশোধ পরায়ণ হইনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলিন গ্রুপের চেয়ারম্যান হাজী ওমর ফারুক, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ।
