আড়াইহাজার উপজেলায় পারভেজ ওরফে মজিবুর রহমান (১৮) নামের এক মোটর মিস্ত্রিকে জবাই করে হত্যা করেছে আরেক মিস্ত্রি। হত্যাকারী মিস্ত্রির নাম সুমন। রাতের আঁধারে কোন এক সময়ে হত্যা করে দোকানের ভিতরে লাশ ফেলে দোকান তালা মেরে পালিয়ে যায় সে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত পারভেজ ওরফে মজিবুর ময়মনসিংহের কিশোরগঞ্জের বৈড়াদীর মাইজবাগ এলাকার তারা মিয়ার ছেলে। সে আড়াইহাজার উপজেলার পুরিন্দার সাতগ্রামের জুয়েলের মোটর মেকানিক্সের দোকানে কাজ করতো। মঙ্গলবার সকালে সেখান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ওই দোকানের মালিক জুয়েল বলেন, 'আমার দোকানে পারভেজ ও সুমন নামের দুইজন কাজ করতো। রাতের বেলা তারা দুইজন দোকানে ঘুমাতো। প্রতিদিনের মতো সোমবার রাতে তাদের দুজনকে দোকানে রেখে বাড়িতে চলে যাই আমি। মঙ্গলবার সকাল দোকানে এসে দেখি দোকান তালাবদ্ধ। পরে তাদের দুইজনের মোবাইলে ফোন করে মোবাইল বন্ধ পেয়ে বাড়ি হতে দোকানের চাবি আনতে যাই। চাবি দিয়ে দোকান খুলে দোকানের ভিতরে দেখি পারভেজের লাশ মাটিতে পড়ে রয়েছে। আর সুমন পলাতক রয়েছে। তাই বুঝতে পারলাম সুমনই পারভেজকে খুন করে পালিয়ে গেছে।'
আরও পড়ুন: হিজলায় যুবককে টয়লেটের পানি খাওয়ালো যুবলীগের সন্ত্রাসীরা
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলের গ্যারেজ মিস্ত্রির দোকানে দুইজন কর্মচারী রাতে দোকানে ঘুমায়। একজন আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে লাশ ফেলে দোকান তালা মেরে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে পারভেজকে কতজন মিলে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।'
ইত্তেফাক/নূহু

