নদীতে মাছ ধরতে গিয়ে পিতাপূত্র নিখোঁজ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:২৫

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পিতা ও শিশুপুত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন এলাকাধীন পদ্মা নদীতে। নিখোঁজরা  হলেন পাকা ইউনিয়নের ১৩ রশিয়া দক্ষিণপাকা গ্রামের মৃত আজাহারের ছেলে সাহাবুদ্দিন আহমেদ(৪৭) ও তার শিশুপুত্র  আব্দুল্লা (৮)।

একই গ্রামের বাসিন্দা ও নিখোঁজ হওয়া সাহাবুদ্দিনের ভাগ্নে দুলাল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের বাধা উপেক্ষা করে মামা সাহাবুদ্দিন ও  আব্দুল্লা ছোট টিনের নৌকা নিয়ে গ্রামের পাশে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। স্থানীয় বাসিন্দা তরিকুল নামে এক যুবক সকাল সাড়ে ৮টার দিকে মাঝ নদীতে টিনের নৌকাটি উল্টে গিয়ে ডুবেতে দেখে মোবাইল ফোনে বাড়িতে জানায়। তখন থেকে কয়েকটি নৌকা নিয়ে খোঁজ শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

দুলাল জানান, দুজনেই নদীতে ডুবে মারা গেছে বলে ধারণা করছে সবাই। পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতাপুত্র দুজন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় অনেকের ধারণা মারা গেছে।

আরও পড়ুন: আড়াইহাজারে মোটর মিস্ত্রিকে জবাই করে হত্যা

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, 'পাকা ইউনিয়নের ১৩রশিয়া দক্ষিণপাড়া গ্রামের পিতা ও শিশু পুত্র পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে শুনেছি। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস রওনা দিয়েছে।'

ইত্তেফাক/নূহু