জনবল নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:০৬

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোংলা বন্দর কতৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী চতুর্থ শ্রেণিতে ২৭ পদে মোট ৩২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটেও। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, অনলাইনে আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন এম হোসাইন

আবেদনের পদসমূহ ও যোগ্যতা

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, লিডিং ফায়ারম্যান পদে নিয়োগ পাবে ২ জন। যোগ্যতা অষ্টম বা সমমান পাসের সঙ্গে সিভিল ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণসহ ৩ বছরের অভিজ্ঞতা। গ্রিজার নেবে ৭ জন। এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ট্রেড সনদ এবং দুই বছরের অভিজ্ঞতা। ব্যাটারি হেলপার ২ জন। অষ্টম শ্রেণি পাস এবং বাস্তব অভিজ্ঞতা। ওয়াচার ১ জন। এসএসসি এবং সমকাজে ৩ বছরের অভিজ্ঞতা। পাওয়ার হাউস এটেনডেন্ট ৬ জন। অষ্টম শ্রেণি পাস এবং ডিজেল ইঞ্জিন বিষয়ে সনদ। বাবুর্চি (পাচক) ১ জন। অষ্টম শ্রেণি পাস এবং রন্ধনকাজে অভিজ্ঞ। সুইপার কাম মালি ১ জন। অষ্টম শ্রেণি পাস এবং মালি পদে অভিজ্ঞ। ওয়ার্ড বয় ১ জন। অষ্টম এবং ওই কাজে অভিজ্ঞ। আয়া ৪ জন। অষ্টম শ্রেণি পাস এবং মহিলা প্রার্থী হতে হবে। গ্রিজার (পাওয়ার হাউস) ১ জন। এসএসসি এবং ডিজেল ইঞ্জিন বিষয়ে ট্রেড সনদসহ ২ বছরের অভিজ্ঞতা। ক্রেন হেলপার/হেলপার ৮ জন। অষ্টম শ্রেণি পাস এবং যান্ত্রিক বিষয়ে ট্রেড সনদ। ইলেকট্রিক হেলপার/হেলপার ৪ জন। অষ্টম শ্রেণি পাস এবং ইলেকট্রিক বিষয়ে ট্রেড সনদ। সাবস্টেশন অ্যাটেনডেন্ট ১ জন। অষ্টম পাস, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ। ট্রেসার ৫ জন। এসএসসি এবং সংশ্লিষ্ট ট্রেড সনদ। বাবুর্চি (কুক) ৪ জন। অষ্টম এবং রন্ধনকাজে অভিজ্ঞ। ক্যাটারিং ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার। বেয়ারার ৮ জন, অফিস সহায়ক ১২০ জন, পরিচ্ছন্নতাকর্মী ৫৫ জন, খাদেম ১ জন, আয়া ২, মালি ১০ জন। এসব পদের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। লস্কর ৪৫ জন এবং সেলুন বয় ১ জন। যোগ্যতা এসএসসি পাস। ভাণ্ডারি ২০ জন। অষ্টম শ্রেণি পাস এবং রন্ধনকাজে অভিজ্ঞ। টোপাস ৮ জন। অষ্টম এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। মাঝি ২ জন। অষ্টম শ্রেণি পাস এবং নৌকা চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। হেলপার ১৪ জন। অষ্টমসহ ট্রেড সনদ। ২০ অক্টোবর তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। নিয়োগের ক্ষেত্রে সব কোটা ও সরকারি বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে দুইভাবে। প্রথমে কর্তৃপক্ষের এই www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে অনলাইনেই পূরণকৃত ফরম জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। পরবর্তী সময়ে অনলাইনে জমা দেওয়া ফরম সেভ করে প্রিন্ট আউট কপি পরিচালক, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর : মোংলা-৯৩৯১, জেলা : বাগেরহাট ঠিকানায় ৩০ অক্টোবর অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। প্রিন্ট করা আবেদনের সঙ্গে ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

 

পরীক্ষা পদ্ধতি

মোংলা বন্দর নিয়োগ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা ও বিধি অনুসারে চতুর্থ শ্রেণির এসব পদের পরীক্ষা নেওয়া হবে। আবেদন গ্রহণের পর প্রার্থীর সংখ্যা দেখে নিয়োগ বোর্ড সিদ্ধান্ত নেবে পদ অনুসারে পরীক্ষার। তবে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতে পারে। তার মধ্যে ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বর থাকতে পারে ভাইভা বা মৌখিক পরীক্ষায়। টেকনিক্যাল পদগুলোর জন্য নেওয়া হবে ব্যাবহারিক পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র www.mpajobsbd.com এবং পরীক্ষার কেন্দ্র, তারিখ ও ধরন  www.mpa.gob.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

পরীক্ষার প্রস্তুতি

নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, যদি লিখিত পরীক্ষা নেওয়া হয়, তবে লিখিত পরীক্ষায় বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান—এই চার বিষয়েই প্রশ্ন করা হতে পারে।

এসব প্রশ্ন পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বই থেকেই করা হয়ে থাকে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। ওই পদের বেলায়ও একই ধরনের প্রশ্ন করা হতে পারে। লিখিত পরীক্ষার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এসব বিষয়ে পাঠ্য বই ভালো করে রপ্ত করতে হবে। টেকনিক্যাল পদগুলোর ব্যাবহারিক পরীক্ষার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট পদে যথাযথ অনুশীলন করার মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। ভাইভা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে সাধারণ জ্ঞানে আপডেট থাকতে হবে। পাশাপাশি নিজের পদের বিষয়, কাজ সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখতে হবে।

 

বেতন-ভাতা

রাজস্ব খাতভুক্ত এসব পদে নিয়োগপ্রাপ্তরা সরকারের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।