‘৪০ বছরের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি বেশি’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:১২

  নাছিমা খাতুন

 

৪০ বছরের মধ্যে নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নীরবে, সংগোপনে তাদের বুকে ক্যানসারের বাসা বাঁধার ঝুঁকিটা থেকে যায়। বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে নতুন এক গবেষণায় উদ্বেগজনক এমন তথ্য দিয়েছেন গবেষকরা।

দ্য এস্টি লাউডার কোম্পানিজ এই গবেষণা করে ১৮ বছরের ওপরের বয়সি বৃটিশ ২০১৭ জন নারীর ওপর। কোম্পানিটি এই রোগ সম্পর্কে নারীদের সচেতনতা সৃষ্টিবিষয়ক প্রচারণাও চালায়। তারা গবেষণায় দেখতে পেয়েছে, বৃটিশ ঐসব নারীর মধ্যে যাদের বয়স ৪০ বছরের মধ্যে তাদের শতকরা ২১ ভাগ কখনোই ব্রেস্ট ক্যানসার আছে কি না তা চেক করাননি। তবে ৬০ থেকে ৬৯ বছর বয়সি নারীদের মধ্যে এই হার শতকরা মাত্র ৭ ভাগ। গবেষণায় অংশ নেওয়া নারীরা বলেছেন, গত ছয় মাসে তারা দাঁতের সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন; কিন্তু ব্রেস্টের সমস্যা নিয়ে তারা এত ঘন ঘন ডাক্তারের কাছে যান না। গবেষণায় শতকরা ৩৭ ভাগ নারী এমন পরীক্ষা করাননি। তারা এ নিয়ে কখনো কারো সঙ্গে শলাপরামর্শও করেননি। অন্যদিকে শতকরা ২২ ভাগ নারী মনে করেন। ব্রেস্ট বা স্তন চেক করানো একটি বিব্রতকর বিষয়। এ রোগ নিয়ে খোলামেলা কথা বলতে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় থাকেন ১৮ থেকে ২৯ বছর বয়সি যুবতিরা।