আবদুন নূর সজল। জনপ্রিয় এই অভিনেতার ক্যারিয়ারের জনপ্রিয়তা ছোটপর্দা দিয়ে এলেও বড়পর্দায় অভিনয় দিয়েও বেশ প্রশংসিত তিনি। সম্প্রতি ‘জ্বিন’ শিরোনামে নতুন একটি সিনেমায় ব্যস্ত আছেন। সেই প্রসঙ্গের পাশাপাশি ক্যারিয়ারের অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
চলতি সময়ে আপনি ‘জ্বিন’ সিনেমাটি নিয়ে ব্যস্ত আছেন। শুরুতে এ প্রসঙ্গে জানতে চাই—
টানা ৩২ ঘণ্টা শুটিং করেছি। এফডিসিতে আমরা শুটিং করছি। নাদের চৌধুরীর পরিচালনায় আমার প্রথম সিনেমা এটি। এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান জাজের সঙ্গে আমার প্রথম কাজ। হরর থ্রিলার ধাঁচের সিনেমা ‘জ্বিন’। ব্যক্তিগতভাবে আমি হরর ঘরানা খুব পছন্দ করি। সেই জায়গা থেকে এই সিনেমার গল্পটি আমি যখন শুনি সেসময়ই রাজি হয়ে যাই। আমরা টানা শুটিং করছি। আশা করি এই মাসেই হয়তো শুটিং শেষ করতে পারবো।
আপনার বিপরীতে এই সিনেমায় পূজা চেরি অভিনয় করেছেন। তার সঙ্গে ছোটপর্দাতেও আপনাকে দেখা গেছে। বড়পর্দার অভিজ্ঞতাটা কেমন?
বেশ ভালো। ছোটপর্দায় কাজ করার অনেকদিন পর পূজার সঙ্গে কাজ করলাম। তার অভিনয় যেমন ভালো, মানুষ হিসেবেও বেশ ভালো। টানা ৩২ ঘণ্টা আমরা শুটিং করেছি। সেখানেও পূজাকে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে দেখলাম।
বড়পর্দার দর্শকদের কাছেও আপনি বেশ গ্রহণযোগ্যতা পান। তবুও কেন নিয়মিত হলেন না?
একটি কাজ করার জন্য আমি স্বাচ্ছন্দ্যবোধের জায়গাটা সবার আগে খুঁজি। অনেক সিনেমা করতে হবে বা সিনেমায় থিতু হতে হবে এই ধারণার চেয়ে আমি এমন একটি কাজের অপেক্ষায় থাকি, যেটি আমার মন মতো হবে। এখন যে সিনেমাটিতে কাজ করছি সেটিও এমন একটি সিনেমা। কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে স্বাচ্ছন্দ্যবোধটা বেশি জরুরি।
তাহলে ‘জ্বিন’ সিনেমার পর আবারো বড় একটি বিরতিতে যাবেন আপনি?
এমনটা হয়তো এখনই হচ্ছে না। একটি সিনেমার কথা চলছে। চূড়ান্ত হলে বিস্তারিত আমি জানাবো।
ছোটপর্দাতে এখনো নিয়মিত আপনি। এই অঙ্গনের ব্যস্ততা কেমন চলছে?
এখন সিনেমা নিয়েই ব্যস্ত আছি। আর ছোটপর্দায় নিয়মিত হলেও অনেক কাজ করা বন্ধ করেছি অনেকদিন হলো। বিশেষ দিবস ছাড়া অন্য সময়গুলোতে এখন আর খুব একটা কাজ করা হয় না।
