‘সেক্রেড গেমস টু-এর সাড়ায় আমি সন্তুষ্ট নই’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২০:০৩

‘সেক্রেড গেমস’-এর প্রথম সিজনের ব্যাপক সফলতার পর নির্মাণ হয় নেটফ্লিক্সে প্রযোজিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। পুরোবিশ্বেই এর দ্বিতীয় সিজন নিয়ে বেশ মাতামাতি ছিল। তবে যাকে ঘিরে এত উত্তেজনা সেই সাইফ আলী খান নিজে কিন্তু বলছেন ভিন্ন কথা। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজন নিয়ে এতটা সন্তুষ্ট নয় তিনি। সাইফ বলেন, ‘প্রথম সিজনের সাড়া পেয়ে ভেবেছিলাম দ্বিতীয় সিজনে হয়তো তাক লেগে যাবে। তবে দ্বিতীয় সিজনের সাড়ায় আমি সন্তুষ্ট নই। যতটা আশা করেছিলাম ততটা সাড়া পাইনি।’

এর কারণ কী জানতে চাওয়া হলে সাইফ বলেন, ‘আসলে একটি কাজ যখন তুমুল জনপ্রিয়তা পায় তখন এর সিক্যুয়াল করাটা অনেকটা রিস্কি। রেস সিনেমা দিয়েও আমি এমন বুঝেছি। প্রথম সিক্যুয়ালে সিনেমাটি যতটা ব্যবসা করেছে বা যতটা জনপ্রিয়তা পেয়েছে রেস-২ সিনেমায় কিন্তু আমি এতটা জনপ্রিয়তা পাইনি। যদিও অনেক ভিন্নতা ছিল। সেক্রেড গেমস-এর সময়ও এমনটাই হয়েছে। আমি বলবো না এখানে চেষ্টা কম ছিল। কিন্তু সমীকরণটাই হয়তো এমন!’