তারকার সন্তান হওয়ায় বলিউডে ক্যারিয়ার শুরু করতে খুব একটা কষ্ট করতে না হলেও ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দিয়েই টিকতে হয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।
প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর সবাই যেন ভুলেই গিয়েছিল জাহ্নবী শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে। জনপ্রিয়তা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে নিজগুণে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি। নতুন সিনেমার তালিকায় রয়েছে ‘রুহি আফজা’, ‘দোস্তানা ২’ ও গুঞ্জন সাক্সেনার বায়োপিক। পাশাপাশি আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি প্রযোজনা করবেন জাহ্নবীর বাবা বনি কাপুর। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘বম্বে গার্ল’। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে জাহ্নবীকে। বাবা-মেয়ের একসঙ্গে করা এই কাজটি দু’জনের জন্য খুব স্পেশাল হতে চলেছে। বনি কাপুর ছাড়াও এই ছবির প্রযোজনায় রয়েছেন মহাবীর জৈন।
‘বম্বে গার্ল’ সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন সঞ্জয় ত্রিপাঠী।
বাবার প্রযোজনায় প্রথমবার কাজ করা প্রসেঙ্গ জাহ্নবী বলেন, ‘এটি আমার জন্য খুবই আনন্দের। বাবার প্রযোজনায় প্রথম কাজ করছি। এখন পর্যন্ত যে গল্প তৈরি করা হয়েছে সেখানে আমার চরিত্রটিতে বেশ চমক থাকছে। এটুকু বলতে পারি বাবার সঙ্গে প্রথম সিনেমা স্মরণীয় হয়ে থাকবে। আমি অন্যান্য সিনেমার পাশাপাশি এই সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছি।’
