এখনো কোনো সংঘাতের ঘটনা ঘটেনি :সিইসি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, মানুষ যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই আস্থার পরিবেশ তৈরি করতে হবে। ভোটের পরের দিনও যাতে কোনো সংঘাত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। উত্তাপের এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়, নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, সেটা খেয়াল রাখতে হবে।

গতকাল মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিমদের উদ্দেশে সিইসি এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বিচারিক হাকিমদের ব্রিফ করে নির্বাচন কমিশন (ইসি)। সব রাজনৈতিক দল নির্বাচনে থাকবে-এমন আশা ব্যক্ত করে সিইসি বলেন, সব রাজনৈতিক দল একটি ইতিবাচক মনোভাব নিয়ে নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। এত বড় নির্বাচনে এখনো পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। বিচারকেরা মাঠে থাকলে আর কোনো সংঘাত ঘটবে না বলে তিনি মনে করেন।

বিচারিক হাকিমদের উদ্দেশে সিইসি আরও বলেন, নির্বাচনে সহিংসতা সৃষ্টির আগে বিচারিক হাকিমদের অবস্থান নিতে হবে, যাতে কেউ কোনো ধরনের সহিংসতার প্রস্তুতি না নিতে পারে। প্রচারণার শুরু থেকে ভোটের পরদিন পর্যন্ত আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ভোটের পরদিন বিজয় মিছিলসহ কোনো ধরনের শোডাউন করা যাবে না।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। আইনানুগ নির্বাচনের কথা মুখে না বলে কাজে করে দেখানোর আহ্বান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম।