এখনো আর্সেনাল ভক্ত ওয়েঙ্গার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:১৬

সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, গত বছর গানারদের ছেড়ে আসার পর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার প্রস্তাব পেলেও সেসব ফিরিয়ে দিয়েছেন। উত্তর লন্ডনের ক্লাবটিতে ২২ বছর কাটিয়েছেন ওয়েঙ্গার। সে সময় তিনি আর্সেনালকে তিনটি বড়ো শিরোপা এনে দেয়ার পাশাপাশি সাতবার এফএ কাপ জিতিয়েছিলেন। ফরাসি এই কোচ অবশ্য ক্লাবটি ছাড়ার পর আর কোথাও কোচের দায়িত্ব নেননি। স্কাই স্পোর্টসকে ওয়েঙ্গার বলেন খেলাটিতে ফেরার সুযোগ ছিল তার। এর মধ্যে কিছু ছিল ইংল্যান্ডে। কিন্তু তার বিশ্বাস আর্সেনালের সঙ্গে তার সম্পৃক্ততা এতটাই ছিল যে, প্রিমিয়ার লিগে অন্য কারো দায়িত্ব নেওয়া সম্ভব না। তিনি অবশ্য প্রস্তাব পাওয়া ক্লাবগুলোর নাম বলতে চাননি। তার মতে, এটা বর্তমানে সেসব জায়গায় যারা কাজ করছেন তাদের প্রতি অন্যায্য হবে।