সফরকারী ভারত নারী ‘এ’ দলের কাছে তিনটি ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। হোম কন্ডিশনে ভারতের কাছে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশকে।
গোটা সিরিজেই ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। ভারতের মানসম্পন্ন বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। গতকাল সাগরিকায় আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ‘এ’ দলের ইনিংস। টপঅর্ডারে মুর্শিদা খাতুন, সানজিদা ইসলামরা কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু মিডল অর্ডারে আসা-যাওয়ার মিছিলে স্কোরটা বড়ো হয়নি। সানজিদা একপ্রান্ত আগলে অপরাজিত ৪৪ রান করেছেন। মুর্শিদা ৩৩, ফারজানা হক পিংকি ১৬ ও ফাহিমা খাতুন ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ভারতের তনুশ্রী সরকার, রাশি কানুজিয়া ৩টি করে, দেবীকা বিদ্যা ২টি উইকেট পান।
রান তাড়া করতে নেমে ৩৯.২ ওভারে ৩ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় নারী ‘এ’ দল। ভাটিয়া ৪৮, মেঘনা ১৯, দেবীকা বিদ্যা অপরাজিত ৪২, মিন্নু মানি অপরাজিত ১৪ রান করেন। দেবীকা বিদ্যা ম্যাচ সেরা হন।
ওয়ানডে সিরিজের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। কক্সবাজারে আগামী ১১, ১২ ও ১৪ অক্টোবর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
