ব্রেক্সিট নিয়ে আর কোনো সমঝোতা নয় বলে যুক্তরাজ্যকে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ মন্ত্রী এবং এমপিরা ব্রেক্সিট নিয়ে পুনরায় সমঝোতা করা যায় কিনা সেই বিষয়টি বিবেচনায় নিতে প্রধানমন্ত্রী মে’র প্রতি এর আগে আহবান জানিয়েছিলেন। খবর রয়টার্সের
গতকাল মঙ্গলবার ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সোমবার রাতে স্থগিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী থেরেসা। ব্রেক্সিট প্রক্রিয়াকে সফল করতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সহায়তা চাইছেন থেরেসা মে। গতকাল প্রধানমন্ত্রী মে সকালের নাস্তা করেন হেগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে। এরপর তিনি বার্লিনে গিয়ে অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন। ইইউ নেতারা স্পষ্ট করে থেরেসা মে কে জানিয়েছেন, তারা ব্রেক্সিট নিয়ে আরো ব্যাখ্যা দিতে রাজি আছেন। কিন্তু এ নিয়ে ফের কোনো সমঝোতা হবে না। এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার ইইউ পার্লামেন্টে বলেন, আমরা যে ব্রেক্সিট করছি তাই সবচেয়ে ভাল। এর চেয়ে ভাল কিছু আর হতে পারে না। আগামী ২১ জানুয়ারির আগে ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে ভোট হবে বলে মে’র মুখপাত্র জানিয়েছেন। আগামী ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ত্যাগ করতে হবে। কিন্তু ব্রিটেনের অধিকাংশ জনগন ব্রেক্সিট প্রক্রিয়ার বাস্তবায়ন চায় না। ২০১৬ সালের গণভোটে সামান্য ভোটের ব্যবধানে ব্রেক্সিটের পক্ষে রায় গেলেও বাস্তবতা এখন ভিন্ন। অনেক মন্ত্রীও ব্রেক্সিটের প্রতিবাদে পদত্যাগ করেছেন।
