গুর্খা সম্প্রদায়ের ‘টিকা লাগাউনে’ উত্সব

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৪৬

শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে বসবাসরত ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে (বড়োরা ছোটোদের আর্শীবাদ দেওয়া) উত্সব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দশমীর অঞ্জলি প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এ উত্সব চলে। রাঙ্গামাটি জেল রোডের সুর নিকেতন ভবনে এ উত্সবের উদ্বোধন হয়। রাঙ্গামাটি গুর্খা সম্প্রদায়ের নেতা ও সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এ উত্সবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়কে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীের তালিকায় অন্তর্ভুক্ত করায় বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে গুর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সকলকে কপালে টিকা লাগানোর মাধ্যমে বিজয়া দশমী ফোঁটা প্রদান করা হয়।