প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৪৮

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোত্সব শেষ হয়েছে। জাঁকজমকপূর্ণভাবে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা শেষ হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল পূজামণ্ডপগুলো।

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, বাজিতপুর উপজেলায় ৬৫টি দুর্গাপূজার মণ্ডপে জাঁকজমকপূর্ণভাবে সার্বজনীন দুর্গোত্সব পালিত হয়েছে। বাজিতপুর পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে, বিশেষ করে দড়িঘাগটিয়াস্থ তরুণ সংঘ (আদি) পূজামণ্ডপে ছিল ভিন্ন মাত্রা। তরুণ সংঘের ৫১তম দুর্গোত্সবে ৫১ বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে চিত্র প্রদর্শনী, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচ এবং স্মারকগ্রন্থ ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়। বিজয়া দশমীর দিনে (মঙ্গলবার) প্রাণবন্ত সিঁদুর খেলা এবং দশমী সম্প্রীতি শোভাযাত্রা বের হয়।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, ব্যাপক আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ১৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা পালিত হয়েছে। এবছর দর্শনার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে বারপাইকা সার্বজনীন পূজা মন্দিরের সুদৃশ্য তোরণ, দেবাদিদেব মহাদেবের স্থাপন করা বিশাল মূর্তির নীচ দিয়ে সুরঙ্গ পথে প্রবেশ ও পূজামণ্ডপ থেকে বের হবার পথে পদ্মা সেতুর আদলে নির্মিত ১৫০ফুট দীর্ঘ সেতু। এই সুরঙ্গপথের মধ্যেই স্থাপন করা হয়েছে কৃত্রিম পাহাড় ও বিভিন্ন দেব-দেবীর মূর্তি।  বারপাইকা গ্রামের যুবসমাজের উদ্যোগে নয়নাভিরাম নির্মাণশৈলীর কাজ করেছেন এলাকার তিন হাজার স্বেচ্ছাশ্রমে শ্রমিক।

দাকোপ (খুলনা) সংবাদদাতা জানান, খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল শারদীয় দুর্গা উত্সবে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময়ে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।  তিনি গতকাল মঙ্গলবার বিজয়াদশমীতে দিনব্যাপী এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময়ে তিনি পূজারী, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

 কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। সোমবার দিনব্যাপী এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি, পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মীর্জাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উত্সব শেষ হয়েছে। এবার উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে মাগুরায় দুর্গাপূজা শেষ হয়েছে। সকালে ঢাকের বাদ্যে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা অঞ্জলি প্রদান করেন। এরপর দর্পন বিসর্জন দেওয়া হয়। রাতে নবগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মণ্ডপ প্রাঙ্গণে বসে মেলা।  মাগুরায়  এবছর  ৬৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ ১৬ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মঙ্গলবার সকালে আর্থিক অনুদান প্রদান করেন। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুদান প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোজাম্মেল হোসেন এমপি।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, সারাদেশের মতো প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পাবনার চাটমোহর উপজেলায় শারদীয় দুর্গোত্সব শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা শোকের আবহে মা দুর্গাকে বিসর্জন দিয়েছে। মা তুমি আবার এসো’...ভক্তকণ্ঠের এই আকুতির ভেতর প্রতিমা বিসর্জনে বিদায় হলো দুর্গতি নাশিনী দুর্গা। শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচে’ বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী দুর্গোত্সবের শেষ দিনে মঙ্গলবার মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে ঘটে সমাপ্তি।

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম, পিএসসি। মহা বিজয়া দশমীর শেষ দিনে মঙ্গলবার সকালে তিনি লক্ষ্মীছড়ি শ্রীশ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরে পরিদর্শনে যান। এসময় পূজা উদয্াপন কমিটির সভাপতি বাবু অজিত বিকাশ দত্ত জোন কমান্ডারকে অভ্যর্থনা জানান। এসময় সংক্ষিপ্ত এক বক্তৃতায় জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম বলেন, লক্ষ্মীছড়িতে খুব সুন্দরভাবে পূজা উদ্যাপন হচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত। এভাবে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালন করবে এটাই আশা।

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বিজয়া দশমীর মধ্যদিয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। একে একে ৩৯টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজার সমাপ্তিতে মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ ও মা দুর্গার শান্তির বাণী প্রচার করা হয়। উপজেলার কৃষ্ণপুর গ্রামে ৯টি পূজা উদ্যাপিত হয় এবং উপজেলার চরব্রাহ্মন্দি গ্রামের বাসুদেব কর্মকারের বাড়ির পূজামণ্ডপ শ্রেষ্ঠ প্রতিমা বলে নির্বাচিত হয়।