মহানগরীর নাজিরপাড়া এলাকায় শারমিন আক্তার সুমি (১৯) নামে এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সুমিকে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া জানান, স্বামী সোলায়মানকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সুমির গলার ওড়না টান দেওয়ার সময় তার মৃত্যু হয়। কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় সুমির মা চেমন আরা বেগম বাদী হয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় গতকাল মঙ্গলবার মামলা করেছেন।
