জগন্নাথপুরে মঙ্গলবার সকালে নিউটন দেব লিটন (৪৫) নামের এক কম্পিউটার সামগ্রীর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বটছর গ্রামের মৃত নিকুঞ্জ দেবের ছেলে।
লিটন তার বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের সি.এ মার্কেটের একটি আবাসিক ভবনে ভাড়া বাসায় থাকতেন। নিহত লিটনের স্ত্রী সঞ্চিতা রাণী দেব জানান, সোমবার সন্ধ্যা রাতে আমার স্বামী দুর্গোত্সব দেখতে নবীগঞ্জ উপজেলায় যান। ভোর বেলা বাসার দরজা খুলেই আমার স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখি। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে চিত্কার দিলে অন্যরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিউটন দেব লিটনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
