পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন চরমপন্থি গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৩

পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চরমপন্থি ফিরোজ বাহিনীর তিন সদস্যকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো : পাংশা উপজেলার হামুয়াপাড়া গ্রামের শরিফ মোল্লা, কালুখালী উপজেলার জামালপুর গ্রামের ইমরান সরদার এবং বড়ো সাওরাইল গ্রামের মিজানুর রহমান ওরফে ন্যাড়া মিজান। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ সদস্যরা পাংশা উপজেলার পাট্টা গ্রামে অভিযান পরিচালনা করে। সে সময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি শরিফ মোল্লা, ইমরান সরদার ও মিজানুর রহমান ওরফে ন্যাড়া মিজানকে তারা গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই চরমপন্থি ফিরোজ বাহিনীর সদস্য। শরিফ মোল্লা ফিরোজের সেকেন্ড ইন-কমান্ড হিসেবে কাজ করত।