ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্টকে গলাকেটে হত্যা, গ্রেফতার পাঁচ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৩

মনপুরায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে নিজ বাড়ির উঠানে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচ জনকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন—দিবাকর, আবুল কালাম, মো. শামীম, মো. শাহীন ও মো. মাকছুদ।

নিহত এজেন্টের দোকান থেকে কর্মচারী দিবাকর ও ভাড়াটিয়া তিন খুনিকে ঢাকাগামী লঞ্চ থেকে এবং আবুল কালামকে নিজ বাড়ি চরফৈজুদ্দিন গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে গলাকাটায় ব্যবহূত দুটি ছুরি উদ্ধার করে পুলিশ।

ভোলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, পলাতক আসামি মো. জয়নালকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের ভোলায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন মোল্লাকে গত রবিবার নিজ বাড়ির উঠানে গলাকেটে হত্যা করা হয়।