কুমিল্লায় শিক্ষক-ছাত্রসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৩

কুমিল্লায় সোমবার রাতে এক শিক্ষক ও এক কলেজ ছাত্রসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশ তাদের ব্যবহূত একটি মাইক্রোবাসসহ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ব্যাপারে মঙ্গলবার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে—জয়নাল আবেদীন মোল্লা, মোবারক হোসেন ও মো. কামাল হোসেন। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন মোল্লা কক্সবাজার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মোবারক চট্টগ্রাম সিটি কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র বলে দাবি করে।

জেলা ডিবির এসআই মো. ইকতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাস চেকপোস্ট অতিক্রম করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার এবং ঐ ইয়াবা উদ্ধার করা হয়।