পদ্মায় মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৪

শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন এলাকায় মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও শিশপুত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজরা হলো পাকা ইউনিয়নের ১৩ রশিয়া দক্ষিণপাকা গ্রামের মৃত আজাহারের ছেলে সাহাবুদ্দিন আহমেদ ও তার শিশুপুত্র আব্দুল্লাহ (৮)।

নিখোঁজ সাহাবুদ্দিনের ভাগনে দুলাল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের বাধা উপেক্ষা করে মামা সাহাবুদ্দিন ও আব্দুল্লাহ ছোটো টিনের নৌকা নিয়ে গ্রামের পাশে পদ্মা নদীতে মাছ ধরতে যান। স্থানীয় বাসিন্দা তরিকুল সকাল সাড়ে ৮টার দিকে মাঝ নদীতে টিনের নৌকাটি উলটে ডুবতে দেখে মোবাইল ফোনে বাড়িতে ঘটনাটি জানায়। তখন থেকে কয়েকটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি চলছে।

পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, অনেক খোঁজাখুঁজির পরও দুপুর পর্যন্ত বাবা ও ছেলেকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস রওনা দিয়েছে।