বিএনপি নেতা টুকু ও দুলুর নির্বাচনে অংশগ্রহণের আদেশ স্থগিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়পত্র গ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ প্রদান সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে স্থগিত সংক্রান্ত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। আজ বুধবার ওই আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ টুকু ও দুলুকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ইসি। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও প্রার্থীদের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল শুনানি করেন।

সিরাজগঞ্জ-২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নাটোর-২ আসন থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় ওই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আপিল করলে এই সিদ্ধান্ত বহাল রাখে ইসি। পরে হাইকোর্টে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা।