রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, কুড়িগ্রাম থেকে আন্তঃনগর ট্রেন চালু ছিল না। আমরা আগামী ১৬ অক্টোবর থেকে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীবাহী নতুন ২০০ কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করছি। এরমধ্যে প্রথমে চালানে ৫০টির মতো যাত্রীবাহী কোচ আমরা পেয়েছি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম চালান থেকে তিনটি ট্রেন রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে চালু করতে যাচ্ছি।
মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম রেলস্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম হারুন-অর-রশিদ, রংপুর অঞ্চলের বিভাগীয় ম্যানেজার শফিকুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ।
রেলমন্ত্রী আরো বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেনের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। এছাড়াও লালমনিরহাট ও রংপুরে যে দুটি এক্সপ্রেস ট্রেন চালু আছে। সেই দুটি ট্রেনের যাত্রীদের অভিযোগ ট্রেনগুলো পুরাতন। এ কারণে এ ট্রেন দুটির স্থলে নতুন যাত্রীবাহী কোচ ট্রেন দেওয়া হবে।
জরাজীর্ণ রেললাইন ও স্টেশন দ্রুত মেরামত করা হবে বলে জানান মন্ত্রী।
