হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে লুত্ফর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত লুত্ফর ঐ গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে। মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে লিটন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে। হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে লুত্ফর বাড়ির আঙিনায় বৈদ্যুতিক তারের ওপর জামা-কাপড় মেলতে গেলে তার ছিদ্র থাকায় বৈদ্যুতিক স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাবাকে বাঁচাতে ছেলে লিটন এগিয়ে এলে সেও বৈদ্যুতিক স্পর্শে আহত হয়।
