সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৬

মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রামগতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মাছঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, জেলা মত্স্য কর্মকর্তা এস এম মহিব উল্ল্যাহ, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।

উপজেলা টাস্কফোর্সের সদস্য সচিব সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মা ইলিশ ও জাটকা সংরক্ষণের জন্য মত্স্য অধিদপ্তর প্রজনন মৌসুমে (৯ থেকে ৩০ অক্টোবর) ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে।

এক মাসে ৫ হাজার উঠান বৈঠকের সিদ্ধান্ত

কুমিল্লা প্রতিনিধি মুজিববর্ষকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)-২ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সমিতির অধিভুক্ত এলাকার প্রায় দেড় হাজার গ্রামে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রাহক সেবার মানউন্নয়নে গত এক মাসে ৫ হাজার উঠান বৈঠক করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ সূত্রে এ তথ্য জানা গেছে। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ -এর আটটি কার্যালয়ের অধিভুক্ত এলাকার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে চলতি বছরের গত সেপ্টেম্বরে ৫ হাজার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, মুজিববর্ষকে সামনে রেখে সমিতির আওতাভুক্ত ১ হাজার ৪৪১টি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে সাতবার করে উঠান বৈঠক করা হবে।

শহীদ মুকুল দিবস উপলক্ষ্যে স্মরণসভা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার শহীদ মুকুল দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১০ অক্টোবর জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে রাজাকার ও পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শ্রীপুর বাহিনীর সাহসী যোদ্ধা জহুরুল আলম মুকুল শহিদ হন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর।

মুলাদী হানাদারমুক্ত দিবস পালিত

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদী ১৯৭১ সালের ৮ অক্টোবর পাক হানাদার মুক্ত হয়েছিল। হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে এদিন মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা জনতার বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে এ র্যালি বের হয়। পরে শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।

আওয়ামী লীগ নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে সোমবার রাতে ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও বেসরকারিভাবে নির্বাচিত (গেজেট হয়নি) উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করা হয়। মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, সহসভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

পূজা উপলক্ষ্যে মাগুরায় মেলা

মাগুরা প্রতিনিধি দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে মঙ্গলবার মাগুরায় মেলা বসেছে। জেলার মাধবপুর, শালিখার গঙ্গারামপুরসহ জেলাশহরের বটতলা ও থানাপাড়ায় মেলা বসেছে। এসব মেলায় নানা ধরনের পণ্য উঠেছে বিক্রির জন্য। মাগুরায় এ বছর ৬৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেতমজুর সমিতির মদন শাখার কমিটি গঠন

মদন (নেত্রকোনা) সংবাদদাতা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির খেতমজুর সমিতির মদন উপজেলা শাখার কমিটি মঙ্গলবার গঠন করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার রোডে দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে মদন উপজেলা কমিউনিস্ট পার্টির আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি বাবু কৃষ্ণ বিশ্বশর্মা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মশিউর রহমান শ্যামলকে সভাপতি ও সুমন আহম্মদকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মদন উপজেলা খেতমজুর সমিতিরি কার্যকরী কমিটি গঠন করা হয়।