কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক মৃত্যুফাঁদ!

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিনে দিনে যেন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে। প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন পথচারী। গত ১০ দিনে ৭ জন মৃত্যুবরণ করেছেন এবং অন্তত ৫০ জন করেছেন পঙ্গুত্ববরণ। এক পরিসংখ্যানে দেখা যায়, পুলেরঘাট বাজার থেকে মধ্যপাড়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। রাস্তায় অতিরিক্ত বাঁক, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচলই তার কারণ। তাছাড়া নিয়মনীতি না মেনে মোটরবাইক, অটোরিকশা চলাচলের ফলে দুর্ঘটনা বাড়ছে। ব্যস্ত এই মহাসড়কটিতে রাস্তা পারাপারে নেই কোনো সংকেত বহনকারী সাইনবোর্ড। নেই মূল রাস্তার পাশে পর্যাপ্ত ফুটপাত, ফলে পথচারীদের চলাচল করতে হয় মূল রাস্তা দিয়ে। সড়কের দুপাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, অথচ প্রতিষ্ঠানগুলোর সামনে নেই গতিরোধক। নিরাপদ সড়ক ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা। রাস্তার দুপাশে পর্যাপ্ত ফুটপাতের ব্যবস্থা করতে হবে। রাস্তার বাঁকগুলোতে থাকতে হবে সতর্কতামূলক চিহ্ন ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে গতিরোধক স্থাপন করতে হবে, যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে রাস্তা অতিক্রম করতে পারে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আল আমিন হোসেন

পুলেরঘাট, কিশোরগঞ্জ