বগুড়া সার্ভার স্টেশনে বিশ্রামাগার প্রয়োজন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

আধুনিক সুবিধা সম্বলিত কোনো বিশ্রামাগার না থাকায় বগুড়া জেলা সার্ভার স্টেশন বা নির্বাচন কমিশন অফিসে সেবা নিতে আশা পুরুষ-নারীগণ দীর্ঘদিন থেকে নানা দুর্ভোগ সহ্য করছেন। প্রতিদিন দূরদূরান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা বসার কোনো জায়গা না পেয়ে অফিসের সিঁড়ি বা বারান্দায় গাদাগদি করে দাঁড়িয়ে বা বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। খাবার পানি ও ওয়াশ রুম না থাকায় অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয় তাঁদের। বেশি কষ্ট ভোগ করেন বৃদ্ধ-বৃদ্ধাগণ ও মায়েদের সঙ্গে আসা শিশুরা। অফিস বারান্দায় দু-চারটা চেয়ার ও দুটো ফ্যান থাকলেও প্রয়োজনের তুলনায় তা নগণ্য। বারান্দা সব সময় জনাকীর্ণ থাকায় অফিসের কর্মকর্তা বা কর্মচারীদেরও ফাইলপত্র নিয়ে এঘর ওঘর করতে কষ্ট পোহাতে হয়। এ অবস্থা নিরসনে অফিসের পূর্ব দিকে যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে আধুনিক সুবিধা সম্বলিত একটা বিশ্রামাগার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি সত্বর ব্যবস্থা নেবেন বলে আশা করি।

মো. মুরশীদ আলম

জলেশ্বরীতলা, পৌরসভা লেন, বগুড়া