বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুল হক জামাল বলেছেন, গতবারের মতো এবারও জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে যেসব প্রস্তাব দিয়েছেন তা অত্যন্ত সময়োপযোগী। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এজন্য আন্তর্জাতিক সকল সংস্থা ও ফোরামকে নিয়ে ঢাকায় একটি সম্মেলন আয়োজন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে নিজ বাড়িতে গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শহীদুল হক জামাল বলেন, রোহিঙ্গাদের সাহায্যার্থে উন্নত সব দেশকেই এগিয়ে আসা উচিত। রেড ক্রিসেন্টের চেয়ারম্যান থাকাকালে ১৯৯১ সালে এই সংস্থার মাধ্যমেই আমরা রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করেছিলাম। যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সবাই সেদিন পাশে ছিল। অভিজ্ঞতার আলোকে বলতে চাই—এখনও রেড ক্রিসেন্টকে কাজে লাগানো প্রয়োজন। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেডক্রসের চেয়ারম্যানের প্রতিও আমার আহ্বান, এই সংকট মোকাবিলায় আপনাদের আরো উদ্যোগী হতে হবে।
