বিএনপি অফিসের পাশে হঠাত্ আগুন, আতঙ্ক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০৩

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে আবর্জনার মধ্যে আগুন লেগে ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবন ও ভিক্টোরি হোটেলের মাঝের সরু গলিতে জমে থাকা আবর্জনায় আগুন লাগলে ধোঁয়া ছড়াতে শুরু করে। ধোঁয়া দেখে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসেন। বালতিতে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন নেতাকর্মীরা। কার্যালয়ের পাশেই ভিক্টোরি হোটেলের কর্মীরাও তাদের হোটেলের এক্সটিংগুইসার দিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়েন।

আগুনের খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ অনেকেই অফিসে ছুটে আসেন। এ সময় রাস্তায় ভিড় জমে যায়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আবর্জনার স্তূপের আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুনের খবর পেয়ে বিদ্যুত্ বিভাগের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। পরে বেলা ১টা দিকে আবার বিদ্যুতের লাইন চালু করে দেন তারা। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বিএনপি নেতাকর্মীরা জানান।

আজ বিএনপির স্থায়ী

কমিটির বৈঠক

আজ বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে কথা বলবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন।