সড়কে ঝরল ছয় প্রাণ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০৫

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর—

নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জন নিহত ও আরো কয়েক জন আহত হয়েছেন। গত সোমবার ঢাকা-খুলনা বিশ্বরোডের উপজেলার জয়বাংলা নাগারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাগেরহাট জেলার সদর উপজেলার মাজার খানজাহান আলী গ্রামের নাসিরউদ্দিন হাওলাদারের স্ত্রী ফিরুজা বেগম (৩৫), বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড গ্রামের মুনসুর শেখের পুত্র লিটন শেখ ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামের জেনারউদ্দিন শেখের পুত্র সামাদ শেখ।

কুমিল্লা : কুমিল্লায় উলটোপথে আসা বাসের চাপায় আবদুল খালেক (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল খালেক সৈয়দপুর গ্রামের মুহুরি বাড়ির।

পঞ্চগড় :পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দূর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ শাহ (৬৫) ও বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকার নছির উদ্দিন (৬৫)। দুজনই ট্রাক চাপায় নিহত হন।