মাইকিং করে পিরোজপুরে ইলিশ বিক্রি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০৬

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর পৌর বাজারে ইলিশ মাছ কেনাবেচার ধুম পড়ে। বিকালে শহরে মাইকিং করে বলা হয়, বাজারে ইলিশ মিলছে প্রচুর, দামও কম। আজ বুধবার থেকে দেশে ইলিশ শিকার, সংরক্ষণ, পরিবহন ও কেনাবেচার ওপরে নিষেধাজ্ঞা শুরু হওয়ার প্রেক্ষিতে বিক্রেতারা যেমন মাছ বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেন, তেমনি ইলিশ মাছ কিনতে বাজারে ক্রেতারা যেন হুমড়ি খেয়ে পড়েন। তবে পিরোজপুর পৌর বাজারে বড়ো সাইজের ইলিশ বিক্রি হতে দেখা যায়নি। ৫০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ যেমন ৫০০ টাকা থেকে ৭০০ টাকা দামে প্রতি কেজি ক্রেতারা কিনেছেন। আবার ২০০ টাকা কেজি দরে ঝাটকা সাইজের ইলিশ কিনেছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে জেলার পাড়েরহাট মত্স্যবন্দর এলাকার বাদুরা মাছের আড়তে গত দুই দিন খুচরা ইলিশ ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। পিরোজপুর শহরসহ আশপাশের শত শত মানুষ সেখানে গিয়ে কমবেশি ইলিশ কিনে এনেছেন সংরক্ষণের জন্য। ঘরে ঘরে ফ্রিজ থাকায় গৃহিণীদের আবদার মেটাতে গৃহকর্তারা যেমন সেখানে গিয়ে ভিড় জমিয়েছেন, তেমনি কিছু নারী ক্রেতাকে বাদুরা মত্স্য আড়তে গিয়ে ইলিশ কিনেছেন বলে খবর পাওয়া গেছে। তবে সব মাছের বাজারে ছিল সাগরের ইলিশের ছড়াছড়ি। আগামী ২২ দিন ইলিশ ধরায় নিষেধ থাকায় এ সময় বাসাবাড়িতে খাবার টেবিলে যাতে এ মজার খাবারটি অনুপস্থিত না থাকে তাই ভোজনরসিকদের ইলিশ কিনতে এই ছোটাছুটি।