রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলীয় রেলের যোগাযোগ একমাত্র বঙ্গবন্ধু সেতু দিয়ে। একটি সেতু দিয়ে আর নতুন কোনো ট্রেন দিতে পারছি না। এ সমস্যা সমাধানে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করা হবে। আগামী জানুয়ারি মাসে দুই লাইনবিশিষ্ট ডুয়েল গেজের এ সেতুর নির্মাণকাজ শুরু হবে। ২০২৩ সাল নাগাদ সেতু নির্মাণকাজ শেষ হবে। আগামী ১৬ অক্টোবর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের তিনটি নতুন ট্রেন চলাচলের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে রংপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেললাইন নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে রংপুর থেকে ঢাকার রেল যোগাযোগের দূরত্ব ১০০ কিলোমিটার কমবে। রেলমন্ত্রী আরো বলেন, রংপুর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য মাত্র একটি ট্রেন রংপুর এক্সপ্রেস। যা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। বগি অকেজো হয়ে গিয়েছিল। লালমনিরহাট এক্সপ্রেসেরও একই অবস্থা। জাতীয় দিবস, ঈদকে ঘিরে শিডিউল বিপর্যয়ে সাধারণ মানুষের ভোগান্তি তো রয়েছেই। যাত্রীদের ভোগান্তি লাঘবে ৫০টি ব্রডগেজ ও ২০০টি মিটার গেজ কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হচ্ছে। রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেসে নতুন বগি লাগানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, অ্যাড. আনোয়ারুল ইসলাম এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা।
