বশেমুরবিপ্রবিতে ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ড. শাহজাহান

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:৩৭

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান। সোমবার সন্ধ্যায় তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে মুঠোফোনে এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, মুঠোফোনে এক খুদে বার্তার মাধ্যমে বলা হয় রাষ্ট্রপতি কর্তৃক সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাই নতুন উপাচার্যের নিয়োগ হওয়ার আগ পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমাকে এখন পর্যন্তও কোনো চিঠি প্রদান করা হয়নি।