একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন দলের প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থীরাও নেমে পড়েছেন মাঠে। প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। খবর আমাদের সংবাদদাতাদের।
রূপগঞ্জ: বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান ধানের শীষের পক্ষে গতকাল গণসংযোগ করেন —ইত্তেফাক
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বাবু ব্যাপক শো-ডাউনের মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। সকালে তার বাড়ি দুপ্তারা থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। একই দিনে উপজেলার ১০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার আওতাধীন এলাকায় তিনি নির্বাচনী শো-ডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ শাহাজালাল মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান আলহাজ মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া, ডা. সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী মিয়া, গোপালদী পৌর মেয়র আঃ হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকসহ হাজার হাজার নেতাকর্মী।
শিবালয় (মানিকগঞ্জ): মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ কবির ও মহাজোট প্রার্থী এএম নাঈমুর রহমান মঙ্গলবার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেন। উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খানের নেতৃত্বে মিছিল বের হয়। নেতা-কর্মীরা সমাবেশ করে নৌকা প্রতীকে ভোট চান। অপরদিকে, বিএনপি প্রার্থী তার বাড়ি মানিকনগর গ্রামে মতবিনিময় সভা করেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক (সিংহ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ খোরশেদ আলম (হাতপাখা) ও মুসলিম লীগ প্রার্থী মোঃ ফারুক হোসেন মাসুদ প্রচারণায় নেমেছেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মঙ্গলবার গণসংযোগ করেছেন। তারাবো, দক্ষিণ রূপসী, মুড়াপাড়া, দড়িকান্দিসহ আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলহাজ হাছান আলী, সামসুজ্জামান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, হাজী বাছির উদ্দিন, নাসির উদ্দিন, শরীফ মিয়া, শহিদুল্লা, হামিদুল হক, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজিবুর রহমান, আব্দুল কুদ্দুস মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, সোহেল মিয়া, মোস্তাফিজুর রহমান, আবু মোঃ মাছুম প্রমুখ।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার (সিংহ)। তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার দিনভর আব্দুল্লাহ ও তার সমর্থিত নেতা-কর্মীরা সোনারগাঁও পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করে নির্বাচনী সালাম জানান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা দেওয়ান উদ্দিন চুন্নু, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, আল আমিন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা প্রমুখ।
কাপাসিয়া (গাজীপুর): গাজীপুর-৪ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। মঙ্গলবার দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান।
সিমিন হোসেন রিমি গতকাল পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনভর সিংহশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন তার স্বামী মোস্তাক আহমেদ, দুই বোন শারমিন আহমেদ রিপি ও মেহজাবিন আহমেদ মিমি, ছোট ভাই তানজিম আহমেদ সোহেল তাজ প্রমুখ। এ ছাড়া তার সাথে ছিলেন সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সভাপতি আজগর রশিদ খান, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন খান আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অপরদিকে শাহ রিয়াজুল হান্নান কাপাসিয়া উপজেলা সদরের সাফাইশ্রী ও কাপাসিয়া বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
