ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মত প্রকাশের জন্য পিটুনিতে হত্যা করা গণতন্ত্রের জন্য ভয়ংকর। এমনিতেই আমাদের দেশসহ সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা অনেকখানি সংকুচিত। এর সাথে অসহিষ্ণুতা যোগ হওয়ায় তা আরো বিভীষিকাময় হয়েছে। এটা শিশুদের মনে বিরূপ প্রভাবও ফেলছে। বাংলাদেশকে শিশুদের জন্য বাসযোগ্য করতে হলে তাদের জন্য সব ধরনের সুযোগ অবারিত করতে হবে। শিশুকাল থেকে তাদের উদার মানসকাঠামো গড়ে দিতে হবে, যাতে তারা অন্যের মতকে সম্মান করতে শেখে। শিশুর শৈশব তাকে ফিরিয়ে দিতে হবে। গতকাল মঙ্গলবার শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য পরিচালিত ‘দীপশিখা’ স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকার গুলবাগে স্থাপিত স্কুলটি প্রতিষ্ঠা করেন বেগম সুফিয়া কামাল ও সাবেক জাতীয় অধ্যাপক সুলতানা সরওয়াত জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুত্ফুন নেসা খান বিউটি বলেন, এসব ছেলেমেয়েদের জন্য পাড়ার মধ্যেই একটু খেলার স্থান হলে তাদের পথে-পথে ঘুরতে হতো না। তিনি বুয়েটের ছাত্র আবরারের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— স্থানীয় কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার ও ব্র্যাক ব্যাংকের ডিএমডি। অনুষ্ঠানে বাচ্চারা ‘ভালোবাসার আলো’ নামে একটি ছোটো নাটক মঞ্চস্থ করে।
