ঘিওরের কলাচাষে তিন যুবকের সাফল্য

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:১৭

ঘিওরের তিন শিক্ষিত যুবক বাণিজ্যিক ভিত্তিতে কলাচাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। অল্প বিনিয়োগে বেশি লাভ করার পাশাপাশি তারা এলাকার কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। এই তিন যুবক হচ্ছেন ঘিওরের মাইলাগী গ্রামের মো. রাসেল মিয়া, মো. রিপন মিয়া ও মো. শরিফ। তারা তিন একর জমিতে ‘রঙিন সাগর’ জাতের কলা আবাদ করেছেন। তাদের বাগানে উত্পাদিত কলা মানিকগঞ্জ জেলার বিভিন্ন হাট-বাজারসহ রাজধানীর ব্যবসায়ীরা এসে পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছেন।

শুধু রাসেল, রিপন ও শরিফই নয়, ঘিওর সদরের মাইলাগী এলাকার অনেক পরিবার কেবল কলাচাষ করেই ঘুঁচিয়েছেন সংসারের অভাব। এই এলাকার প্রতিটি বাড়িতেই রয়েছে কলাগাছ। বাড়ির উঠান, আঙিনা যেখানেই ফাঁকা জায়গা, সেখানেই কলাগাছ লাগানো হয়েছে। কলাচাষের বিস্তৃতি আর সাফল্যে ‘মাইলাগী’ গ্রাম এখন পরিচিত ‘কলার গ্রাম’ নামে। কলা পালটে দিয়েছে এ অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট। 

রাসেল, রিপন ও শরিফের কাছ থেকে জানা যায়, তাদের বাগানে গত নভেম্বর মাসে কলার চারা রোপণ করা হয়। ছয় মাস ধরে চারাগুলোতে টিএসপি, এমওপি, ইউরিয়া, সালফার, জিংক, বোড়ন সার প্রয়োগ করার পর কলার কাঁধি বের হয়। আর ৯ মাস পরই বাগানের কলা বাজারজাত করা হচ্ছে। এ পর্যন্ত আমাদের খরচ হয়েছে ৪ লাখ টাকার মতো। সব কলা বিক্রির পর ভালো লাভ হবে বলেই আশা করছি আমরা। তবে এ সময় তারা অনেকটা অভিযোগের সুরেই জানান, কলা চারা রোপণ থেকে কলা আহরণ পর্যন্ত সময়কালে তাদের কলাবাগান বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণের শিকার হয়। কিন্তু এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস থেকে কোনো সহায়তা পাননি তারা।

মানিকগঞ্জ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, প্রতি শতকে কলার চারা বপন করা যায় ৬০টি। প্রতিটি কলা গাছে খরচ বাবদ ব্যয় ৭০ থেকে ৮০ টাকা।  এক বিঘা জমিতে কলা চাষ করতে ১৫/২০ হাজার টাকা খরচ পড়লেও প্রতি বিঘা জমি থেকে কলা বিক্রি হয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা, যা অন্য কোনো ফসলে সম্ভব নয়। তিনি কলাচাষের সঙ্গে জড়িত কৃষকদের সরকারি-বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ, স্বল্পশর্তে ঋণ প্রদান এবং তাদের জন্য কৃষি কর্মকর্তাদের সহায়তা নিশ্চিত করার দাবি জানান।   

 উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, মাইলাগী এলাকার কৃষকদের আমাদের অফিসের সহকারী কৃষি অফিসার আব্দুর রাজ্জাক প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকেন। তিনি জানান, এক বিঘা জমিতে কলার জাতভেদে ৩০০ থেকে ৩৫০ কলার চারা রোপণ করা হয়ে থাকে। যত্ন সহকারে কলাচাষ করলে একটি গাছ থেকে দুই থেকে আড়াই মণ কলা পাওয়া যায়।