ফতুল্লায় গতকাল একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন, হাবিব, আব্দুর রহিম ও সোহাগ। তাদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবস্থিত নিউ ঢাকা মর্নিং স্টিল মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম জানান, কারখানার চুল্লির সামনে ময়লা জমলে তা পরিষ্কার করতে হয়। শ্রমিকরা তা পরিষ্কার না করে কাজ করছিল। এসময় চুল্লি বিস্ফোরিত হয়ে আগুনের গোলা ঐ শ্রমিকদের ওপর এসে পড়ে। এতে তারা দগ্ধ হলে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা মালিকপক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করছি তাদের দ্রুত সুস্থ করার। ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল খান জানান, দগ্ধ তিন শ্রমিকেরই অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মধ্যে হাবিবের শরীরের ৭০ শতাংশ, সোহাগের ৯৫ শতাংশ ও রহিমের দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে।
