মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ’৮৬ ব্যাচের পুনর্মিলনী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:০৭

 ‘কী খবর দোস্ত?’ ‘আরে বন্ধু তুই কেমন আছিস?’ দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর এভাবেই চলে কুশল বিনিময়। স্মৃতিচারণ করতে করতে অনেকে ফিরে যান স্কুলের সেই মধুর দিনগুলোয়। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এরা সবাই মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার স্কুলটির এসএসসি ৮৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধন ৮৬’ শীর্ষক এ আয়োজন বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়। মিরপুরে স্কুল ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠানে কেক কাটা, স্মৃতিচারণ, মিনি ফুটবল ও ক্রিকেট খেলা, প্রীতিভোজসহ নানা আয়োজনে মেতে ওঠেন সতীর্থরা।

অনুষ্ঠানের শুরুতেই ব্যাচের প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত এবং স্কুলের সঙ্গে সম্পৃক্ত সবার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে সর্বসম্মতিক্রমে দুস্থ বন্ধুদের সহায়তার জন্য তহবিল গঠন এবং ডিসেম্বরে ফ্যামিলি ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রিয়াদ হোসেন খাঁন, ডা. আহমেদ হোসেন চৌধুরী, মীর ইব্রাহীম সুজন, আল আমিন ইমরুল, মোহাম্মদ নাদিম, ডা. বাবরুল আলম, জিন্নাতুর রহমান তুহিন, ইউনুছ আলম, আরিফ আহমেদ, মর্তুজা খান, বাহালুল কবীর, চৌধুরী নাইমুল হক, সাজেদুল হক খোকা, হাসান কায়সার, লুনা, মিলি, কণাসহ ৮৬ ব্যাচের অন্য বন্ধুরা।  অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় ছিল ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন অ্যান্ড পেস্ট্রি সপ-সিএফসি, মিরপুর।