আবরার হত্যার নিন্দায় ১৪ দল

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:০৮

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারসহ জোটের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেন, আবরার ফাহাদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা জঘন্যতম নিন্দনীয় ঘটনা। শুধুমাত্র ভিন্নমত প্রকাশ করার কারণে ছাত্র নামধারী কয়েক জন দুর্বৃত্ত একজন মেধাবী বুয়েটের ছাত্রকে পিটিয়ে হত্যা করতে পারে—এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এদের দ্রুত বিচার করে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। জোটের নেতৃবৃন্দ মনে করেন এটি নিছক হত্যাকাণ্ড নয়, এটি একটি গভীর ষড়যন্ত্র। আবরারের হত্যাকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রান্ত উদ্ঘাটন করারও দাবি জানান নেতৃবৃন্দ। বিবৃতিতে ১৪ দলের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে বলেন, আবারও এ হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা প্রকাশ করছি।