যুক্তরাষ্ট্রে বন্দি এক সাজাপ্রাপ্ত খুনি ৯৩টি খুনের কথা স্বীকার করার পর এফবিআই তাকে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল খুনি বলে নিশ্চিত করেছে। স্যামুয়েল লিটল নামের ৭৯ বছর বয়সী এই ব্যক্তিকে পুলিশ অন্তত ৫০টি খুনের ঘটনায় জড়িত বলে দেখতে পেয়েছে। এসব খুনের ঘটনা ঘটেছে ১৯৭০ সাল হতে ২০০৫ সালের মধ্যে। তিন মহিলাকে খুনের দায়ে ২০১২ সাল হতে তিনি কারাগারে সাজা খাটছেন। খবর বিবিসির
পুলিশ কর্মকর্তারা জানান, স্যামুয়েল লিটল হামলার জন্য বেছে নিতেন দুর্বল প্রকৃতির লোকদের, বিশেষ করে য়েদের। এদের বেশিরভাগই হয় যৌনকর্মী অথবা মাদকাসক্ত। স্যামুয়েল লিটল ছিলেন একজন পেশাদার বক্সার। তিনি প্রথমে ঘুষি মেরে কাউকে কাবু করতেন। এরপর শ্বাসরোধ করে হত্যা করতেন। এর ফলে তাদেরকে যে খুন করা হয়েছে,সেটা প্রথম দেখায় বোঝা যেত না।
এরকম অনেক খুনের ঘটনা এফবিআই কখনো তদন্ত করেই দেখেনি। অনেক হত্যার ঘটনাকে দুর্ঘটনা বা অতিরিক্ত মাদক নেওয়ার ফল বলে খারিজ করে দেওয়া হয়েছিল। অনেক মৃতদেহ তো খুঁজেই পাওয়া যায়নি। সোমবার এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, স্যামুয়েল লিটল যেসব খুনের কথা স্বীকার করেছেন, সেগুলো বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে। এফবিআই এর একজন বিশ্লেষক ক্রিস্টি পালাজ্জো বলেন, অনেক বছর ধরে স্যামুয়েলের ধারণা ছিল সে কখনো ধরা পড়বে না। কারণ তার খুনের শিকার যারা হচ্ছিল, তাদের খবর কেউ রাখছিল না।
