এবার চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন (লেটার অব ইনট্যান্ট) পাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। আগামী বোর্ড সভায় এ চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
এ ব্যাংকের বাইরেও আরো ২টি ব্যাংকের অনুমোদন দেওয়া হবে। তবে এ ব্যাংক দুটির অনুমোদন পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে। এখন দেশে ৫৯টি তফসিলি ব্যাংক রয়েছে। নতুন করে এ তিনটি হলে মোট ব্যাংক সংখ্যা দাঁড়াবে ৬২ তে।
ব্যাংক খাতে নানামুখি সংকট চলছে। এ অবস্থার মাঝেও রাজনৈতিক চাপে নতুন ব্যাংকের অনুমোদন দিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে তোলা হয়। ব্যাংকগুলো হলো, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক এবং সিটিজেন ব্যাংক। এর আগে পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন ব্যাংক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, পর্ষদের সভায় ৩টি ব্যাংকের প্রস্তাব তোলা হয়। একটি ব্যাংকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে পর্ষদ। বাকি দুটির শর্ত সাপেক্ষে অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। তাদের প্রস্তাবে ও নথিপত্রে কিছু ঘাটতি ও ক্রটি রয়েছে। সেগুলো সংশোধন করে দিলেই পর্ষদ অনুমোদন দেবে।
