নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বাদ পড়া এক প্রার্থী। গতকাল মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব সেলিম মিয়ার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. সাদাকাত খান ফাক্কু। অভিযোগে সাদাকাত খান বলেন, মনোনয়নপত্র বাতিল করার সার্টিফায়েড কপি সোমবারও পাননি। আপিলের কপি না পাওয়ায় আইন বিভাগের শরণাপন্ন হতে বলা হয় তাকে। পরে, রাত প্রায় সাড়ে দশটার দিকে আইন শাখার যুগ্ম সচিব সেলিম মিয়ার সঙ্গে দেখা করেন সাদাকাত। এ সময় সেলিম মিয়া এই প্রার্থীর সঙ্গে অসদাচরণ করেন বলে সিইসি বরাবর লিখিত আবেদনে অভিযোগ করেন সাদাকাত খান। তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয় বলেও জানান এই প্রার্থী।
