প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে যেতে শুরু করেছে রাজধানীর সংসদীয় আসনগুলো। বিভিন্ন অলি-গলি, রাজপথে পোস্টার-ব্যানার টাঙাতে শুরু করেছেন প্রার্থীদের কর্মী-সমর্থকরা। প্রচারণা শুরুর দিন সোমবার রাতভর উত্সবমুখর পরিবেশে চলে এ কর্মযজ্ঞ। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করে ঢাকার বিভিন্ন আসনে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে ঢাকা-৭ আসনের ১৩টি ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম। বিকাল ৫টায় নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করতে বের হন তিনি। মতবিনিময় সভায় হাজী সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে কোনও কথা বলেননি। তবে হাত নাড়িয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। হাজী সেলিমের পক্ষে তার ছেলে সোলায়মান সেলিম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে প্রচারণা চালান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি আনোয়ার হোসেন সান্টু, নাজমুল হোসেন টুটুল, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সৈয়দ মার্শীদ শুভ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, সহ-সম্পাদক নাসির আহমেদ, জাহাঙ্গীর মোল্যা, এরশাদ উদ্যান, হাবিবুর রহমান পারভেজ, সদস্য নিজাম উদ্দিন পেসার ও মোস্তাফিজুর রহমান তপু।
আওয়ামী লীগ আমলে উন্নয়ন হলে নৌকায় ভোট দিন:সাবের হোসেন চৌধুরী
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে যদি দেশের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকালে খিলগাঁও, বাসাবো, গোড়ান ও মানিকনগর এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
‘ওরে নীল দরিয়া’য় ফারুকের প্রচার
বেলা আড়াইটা, গুলশান-২-এর ওয়ান্ডারল্যান্ডের বিশাল মাঠের বড় অংশজুড়ে সামিয়ানা টানানো। এর নিচে বেশ কয়েকটি বড় সাউন্ডবক্স রাখা। মাঠে তখনো তেমন লোকজন নেই। হঠাত্ করে সাউন্ডবক্স দিয়ে ভেসে এল বাঁশির সুর। সুর থামতেই বরেণ্য শিল্পী আবদুল জব্বারের কণ্ঠে ভেসে এল গান, ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া...ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া।’ এভাবে পুরো গানটি বাজানো হলো তিন বার। শেষ হতেই ভেসে এল আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিনের ‘সুজন সখী’ ছবির ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা...তোমার কাছে পয়সা নিব না’গানটি। বাংলা চলচ্চিত্রের কালজয়ী দুটি গান বাজানোর পরই ‘এসেছে এসেছে আবার ইলেকশন ইলেকশন’ দিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া হলো। আসলে এটি কোনো কনসার্ট বা সংগীতানুষ্ঠান ছিল না। গতকাল মঙ্গলবার পড়ন্ত দুপুরে আয়োজনটি ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের কর্মীসভা। নিজের অভিনীত ছবির গানগুলো বাজিয়ে গতকালই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেন ফারুক।
আজ পুরান ঢাকায় একমঞ্চে উঠবেন আওয়ামী লীগ নেতারা
পুরান ঢাকার লালবাগ, চকবাজার, কোতোয়ালি ও বংশাল থানা নিয়ে ঢাকা-৭ আসনের সংসদ এলাকার সীমানা। এ আসনটিতে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন ডাকসাইটের নেতা মনোনয়নের দাবিদার ছিলেন। কিন্তু দল থেকে চূড়ান্তভাবে বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে মনোনয়ন দেওয়া হয়। এতে মনোনয়নবঞ্চিত দলের অন্য নেতাদের মধ্যে মান-অভিমান ও চাপা ক্ষোভ দেখা দেয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নেন তারা। এখন সকলেই হাজী সেলিমের পক্ষে প্রচার-প্রচারণায় নামবেন। আজ হাজী সেলিমের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ উপলক্ষে আজ বুধবার আজিমপুর সরকারি কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করা হয়েছে। সভায় লালবাগ, চকবাজার, কোতোয়ালি ও বংশাল থানার ১৩টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাকর্মীদের একমঞ্চে দেখা যাবে। প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ ছাড়া ঢাকা (দক্ষিণ) মহানগর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতও উপস্থিত থাকবেন।
