শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:২৫

শিশু রুবেল হত্যা মামলায় রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হান (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার আসামির উপস্থিতে এ রায় প্রদান করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম এসএম নাসিম রেজা।

সাজাপ্রাপ্ত রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হান উপজেলা ধর্মপুর গ্রামের আব্দুল হাইয়ের পালিত ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রায়হান লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হাইয়ের পালক পুত্র হিসেবে বসবাস করে আসছিল। ২০০৩ সালের ৮ আগস্ট সে একই গ্রামের শরীফ মিয়ার ছেলে রুবেলকে (৯) মাছ ধরার কথা বলে নৌকায় করে পার্শ্ববর্তী হাওরে নিয়ে বলৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশু রুবেল চিৎকার শুরু করলে রায়হান ক্ষিপ্ত হয়ে তার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়। ঘটনার ৩ দিন পর হাওরে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। মরদেহ উদ্ধারের পর রুবেলের বাবা বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৫ সালের ৫ অক্টোবর লাখাই থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।

ইত্তেফাক/বিএএফ