রাজশাহীতে ভাতিজার হাতে সাবেক ইউপি মেম্বার খুন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:০৬

রাজশাহীর দুর্গাপুরের কাশেমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজগর আলীকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও গ্রামবাসী জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে পুকুরে আম গাছ ধসে পড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ভাতিজা সান্টু (৩২) আজগর আলীকে কিল-ঘুষি মারেন। এসময় উভয়ে পুকুরের পানিতে পড়ে যান। এতে আজগর আলী অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত সাবেক ইউপি সদস্য আজগর আলীর লাশ উদ্ধার করা হয়। স্বজনরা মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করা হবে। তবে ঘটনার পর থেকে ভাতিজা সান্টু পলাতক রয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ