‘দেশকে এগিয়ে নিতে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের গুরুত্ব দিতে হবে’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:১৩

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও গুরুত্ব দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। সোমবার রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত ‘অপ্রাতিষ্ঠানিক শ্রমখাত: শ্রমিকের অধিকার, সাংগঠনিক অবস্থা এবং প্রত্যাশা’ বিষয়ক এক সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সোসাইটি ফর পার্টিসিপেটরি এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) বেসরকারি সংস্থা একশনএইড বাংলাদেশ’র সহায়তায় এ সংলাপের আয়োজন করে।

সংলাপে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল ড. মো. মুস্তাফিজুর রহমান, একশনএইড বাংলাদেশ’র পলিসি অ্যান্ড ক্যাম্পেইন-বিষয়ক পরিচালক আসগর আলী সাবেরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেজাউল করিম সিদ্দিকসহ শিক্ষাবিদ, গবেষক, নীতি বিশ্লেষক, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ। সংলাপ সঞ্চালনা করেন এসপিইডির নির্বাহী পরিচালক মো. ফজলুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি