মা হ মু দু ল আ মি ন
একজন লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে মেহজাবিন চৌধুরীর মিডিয়াতে সম্পৃক্ততা হলেও মূলত লাক্সের বিজ্ঞাপন দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন। লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পরই অভিনয়ে তার ব্যস্ততা বেড়ে যায় অনেকাংশে। একসময় অভিনয়েই মনোযোগী হয়ে নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠিত করেন তিনি। যে কারণে এই সময়ের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছে তার নাম। নাটকে অভিনয়ের ক্ষেত্রে সবসময়ই মেহজাবিন যেমন গল্প এবং নিজের চরিত্রের প্রতি বিশেষ খেয়াল রেখেছেন, ঠিক তেমনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ক্ষেত্রেও মেহজাবিন দারুণ চুজি। সর্বশেষ পিপলুর নির্দেশনায় সিয়াম আহমেদের সঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মেহজাবিন চৌধুরী। নাফিজের নির্দেশনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এদিকে এরইমধ্যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘তুমি আমারই’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন মেহজাবিন। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। মেহজাবিন চৌধুরী বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তেই কাজ করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচারিত হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু সচেতন বেশিই থাকতে হয়। যেন কাজটি ভালো হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে বিধায় কাজটি করেছি। নির্মাতা বেশ যত্ন নিয়েই কাজটি করেছেন। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের। আরিয়ান ভাইয়ের টেলিফিল্মটির গল্পও অন্যরকম। খুব ভালো একটি কাজ হয়েছে।’ মেহজাবিনের ইউটিউব চ্যানেলে ‘মেহজাবিন চৌধুরী’র বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে তিন লাখেরও বেশি। সকল কর্ম ব্যস্ততার ফাঁকে তিনি নতুন নতুন কন্টেন্ট তার ইউটিউব চ্যানেলেও দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ মেহজাবিনের ‘স্কাই ডাইভিং ইন দুবাই’ তার চ্যানেলে প্রকাশ করা হয়েছে। আড়াই লাখেরও বেশি ভিউয়ার্স তা উপভোগ করেছেন। মেহজাবিন চৌধুরী এখনো কোনো সিনেমায় অভিনয় করেননি। তবে আগ্রহ আছে সিনেমায় অভিনয় করার। গল্প, চরিত্র ব্যাটে বলে মিললে হয়তো যেকোনো সময়ই তাকে সিনেমায় অভিনয়ে দেখা যেতে পারে।
