জার্মান কন্যার হলিউড জয়

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:২১

তা হ মি না  মি লি

 

তার পুরো নাম জ্যাজি অলিভিয়া বিটজ। তিনি একাধারে জার্মান ও আমেরিকান। হলিউডের একজন আলোচিত ব্যস্ত অভিনেত্রী হিসেবে জ্যাজির নামটি এখন বেশ উচ্চারিত হচ্ছে। কারণ এ বছর তার অভিনীত বেশ অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘উন্ডস’, ‘হাই ফ্লাই বার্ড’, ‘সেবার্গ’, ‘জোকার’ ও ‘লুসি ইন দ্য স্কাই’-এর কথা বলা যায়। এই সময়ের দর্শকপ্রিয় ‘জোকার’ ছবিতে জোকারের প্রেমিকা সোফি ডুমন্ড চরিত্রে তাকে দেখা গেছে। একজন সিঙ্গেল মাদার হলেও তাকে গভীরভাবে ভালোবাসে জোকার। ছবির নাম ভূমিকায় রূপদানকারী জোয়াকুইন ফোনিক্সের দারুণ ভক্ত জ্যাজি বিটজ দারুণ খুশি তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে। নিজেকে অনেক সম্মানিত বোধ করছেন এজন্য, তিনি অকপটে বলেছেন। বিখ্যাত এই অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন তিনি। জ্যাজি বিটজের জন্ম জার্মানির বার্লিনে। তার বাবা কেবিনেট প্রস্তুতকারী হিসেবে কাজ করতেন। ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে পাড়ি জমান। তখন বার্লিন প্রাচীরের পতন ঘটেছিল। জ্যাজির মা একজন আফ্রিকান আমেরিকান সমাজকর্মী। নিউইয়র্ক থাকতেন। জার্মান থেকে আসা তার বাবা একসময় আফ্রো আমেরিকান নারী সমাজকর্মীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ভালোবাসার সম্পর্কে। যখন তার বয়স অনেক কম, তখন বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। নিউইয়র্কে আসার আগ পর্যন্ত বার্লিনের স্কুলে পড়াশোনা করেছেন তিনি। ফলে জার্মান ও ইংরেজি দুই ভাষাতেই অনর্গল কথা বলতে পারেন। নিউইয়র্ক ওয়াশিংটন হাইটসে বড় হয়েছেন জ্যাজি। মাস্কোটা নিউ স্কুলে পড়ার সময়ে অভিনয়ে আগ্রহী হন। কমিউনিটি থিয়েটারে অভিনয় করেছেন। স্থানীয় মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অর্জনের পর লা গার্ডেয়া আর্টস হাই স্কুল থেকে ২০০৯ সালে গ্র্যাজুয়েশন করেছেন। আর পড়েছেন স্কিডমোর কলেজে। ফরাসি ভাষার ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন ২০১৩ সালে। ফ্রান্সের প্যারিসেও এক বছর কাটিয়েছেন জ্যাজি বিটজ। তাকে সবাই চেনেন ২০১৬ সাল থেকে এক পর্যন্ত চলা এফএক্স কমেডি ড্রামা সিরিজ ‘আটলান্টা’য় অভিনয়ের সুবাদে। তার পরিচিত ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। এ টিভি সিরিজে অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাকট্রেস ইন কমেডি সিরিজ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে যান। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘ইজি’-তেও দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। হলিউডের ডিজাস্টার ফিল্ম ‘জিওস্ট্রম’-এ তার উপস্থিতি দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করেছে। সুপারহিরো সিনেমা ‘ডেডপুল টু’-তেও চমক দেখিয়েছেন জ্যাজি বিটজ। তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘জেমস হোয়াইট’, ‘আপেলসস’, ‘উলভস’, ‘সোলারস পয়েন্ট’ প্রভৃতি। ছোট পর্দাতেও তার বিচরণ চোখে পড়ার মতো। ‘আটলান্টা’, ‘ইজি’, ‘দ্য টোয়ালাইট জোন’ সিরিজগুলোতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দর্শকদেও মুগ্ধ করেছেন। আগামীতে জ্যাজি বিটসকে ‘এক্সটিন্ট’ ছবিতে কণ্ঠ দিতে দেখা যাবে। অ্যানিমেটেড সিনেমাটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এছাড়া ‘নাইন ডেজ’ ও ‘স্টিও হিয়ার’ ছবিদুটির কাজ চলছে। সায়েন্স ফিকশন মুভি ‘নাইন ডেজ’-এ তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। হলিউডে তার সাম্প্রতিক ব্যস্ততা বেশ উপভোগ করছেন এই বিখ্যাত অভিনেত্রী। আগামীতে ব্যস্ততার এই ধারা অব্যাহত রাখতে চান তিনি।