তানভীর মোকাম্মেলের নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’-এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে শুটিংয়ের মাধ্যমে শেষ হওয়া এ ছবি মূলত একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে নির্মিত, যাকে ১৯৭১ সালে রাজাকারেরা হত্যা করেছিল। সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে বামপন্থীদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, পাভেল, মতিউর রহমান সুমন, বৈশাখী ঘোষ, ইকবাল আহমেদ, অ্যান্ড্রু জোনস প্রমুখ। এর চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান, আবহসংগীত সৈয়দ সাবাব আলী আরজু, শিল্প নির্দেশনা উত্তম গুহ, সম্পাদনা মহাদেব শী, পোশাক চিত্রলেখা গুহ, প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং সহকারী পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।
