দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

আমিনুল ইসলাম হিরু

বগুড়া অফিস

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতার বগুড়া অঞ্চলের বাছাই পর্ব গত রবিবার বগুড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে (নতুন ভবন) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারির সভাপতিত্বে নৃত্য প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা কালচারাল অফিসার শাহাদত্ হোসেন। পরে অংশগ্রহণকারী বিজয়ী নৃত্য প্রতিযোগীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আসাদ হোসেন, গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আলীম, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ এবং নৃত্যশিল্পী সংস্থার সদস্যবৃন্দ। বয়স ও  বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় ১শ’ জন প্রতিযোগীর মধ্যে ৫০ জন বিজয়ী নৃত্যশিল্পী বিভিন্ন বিষয়ে আগামী ১৭ ও ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান সোহাগ।