রুমী খোন্দকার
পাবনা প্রতিনিধি
বাংলা সাহিত্যের বিখ্যাত পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্তসেন ও অতুল প্রসাদ সেন। তাদের গানের সমাহার নিয়ে গত শুক্রবার রাতে স্থানীয় বনমালী শিল্পকলা কেন্দ্রে গণশিল্পীর পাবনা আঞ্চলিক কমিটি আয়োজন করে ’পঞ্চকবির’ গানের অনুষ্ঠান। উত্সবে অঞ্জলি অর্পণ আর গান পরিবেশনের মাধ্যমে পঞ্চকবি বন্দনায় মেতেছিলেন গণশিল্পীর শিল্পীরা। শহরে জীবনে এ এক অন্যরকম পাওয়া। যা পাবনার সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও সংগীতপিপাসুদের মিলনমেলায় পরিণত হয়।
সন্ধ্যার পর প্রথমে গান পরিবেশনার আগে পঞ্চকবির জীবন ও তাদের কীর্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। তারপর শিল্পীদের সুরে ভেসে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেল’ শিরোনামে কণ্ঠশিল্পীদের গানের সুর-ছন্দ। এরপর একে একে ১৩জন শিল্পী দলীয় এবং ৭জন শিল্পী একক সংগীত পরিবেশন করেন। তারা গানের মাধ্যমে তুলে ধরেন পঞ্চকবির বিজয় গাঁথা।
অনুষ্ঠানে আগত দর্শক-শ্রোতাদের মধ্যে নতুন প্রজন্মের দর্শক-শ্রোতা ছিল উল্লেখ করার মতো। তাদের মধ্যে ছিল আলমগীর কবীর হূদয়, সাথী আক্তার, শ্রাবন্তী মায়া, মিতি, দিবা, রুদ্র, ফয়সাল সুপ্তসহ অনেকে। তারা বলেন, অনুষ্ঠান দেখে তারা পঞ্চকবি সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিশুদ্ধ ধারার স্বাদ নিতে পেরেছেন।
আয়োজন নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা বলেন, ‘পঞ্চকবি বিষয়ে বর্তমান প্রজন্মের মধ্যে খুব একটা ধারণা নেই বললেই চলে। পঞ্চকবির গান সম্পর্কে ধারণা দিতেই তাদের এই আয়োজন ছিল।’ সভাপতি প্রফেসর শিবজিত নাগ বলেন, ‘পঞ্চকবির গানের মধ্য দিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চর্চা করি আমরা। ভালোবাসার টানে সবার একত্রিত হওয়া সে জায়গা থেকেই।’
